ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধে দিল্লির প্রতি আহ্বান; প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর দাবিআন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক নিবন্ধে বলা হয়েছে, নিজের সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের দায়ে দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে।
ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধে দিল্লির প্রতি আহ্বান; প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর দাবিআন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক নিবন্ধে বলা হয়েছে, নিজের সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের দায়ে দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ এবং সহিংসতায় উসকানি দেওয়ার জন্য ভারতের ভূখণ্ড যেন ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিবন্ধে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলোর কাছে ভারতে শেখ হাসিনার অবস্থান কেবল রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয়; বরং এটি ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন। আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিরা এখনো সেই সহিংসতার ক্ষত বয়ে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে।আল জাজিরার নিবন্ধে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রতিবেদন উল্লেখ করে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। জাতিসংঘের অনুসন্ধানে তৎকালীন সরকার, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সহিংসতায় জড়িত অংশের পদ্ধতিগত দমন-পীড়নের চিত্র উঠে আসে।
নিবন্ধে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। নৃশংসতায় উসকানি ও মদদ দেওয়া এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার দায়ে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে শেখ হাসিনা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।বাংলাদেশের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও তিনি এখনো ভারতে অবস্থান করছেন। নিবন্ধে বলা হয়, শেখ হাসিনার সমর্থকেরা বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রচার চালাচ্ছেন। এতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
আল জাজিরার নিবন্ধে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ারের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সম্প্রতি দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ভারতের জন্য মূল্যবান ছিলেন। তার ধারণা, নয়াদিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। তবে তাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ কেন দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ।নিবন্ধে আরও বলা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, আসন্ন নির্বাচন ব্যাহত করতে তিনি সহিংসতায় উসকানি দিয়েছেন।
ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে নিবন্ধে বলা হয়েছে, হত্যা, হত্যায় উসকানি এবং সংশ্লিষ্ট কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে দেখিয়ে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যায় না। যদিও চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য আইনি ভিত্তি ও সুরক্ষার বিষয়গুলোও রয়েছে।নিবন্ধে বাংলাদেশের সরকারের প্রতি ভারতের সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রত্যর্পণের অনুরোধটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সহিংসতায় উসকানি দেওয়া কিংবা বাংলাদেশের মানুষকে হুমকি দেওয়ার সুযোগ বন্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নিবন্ধের শেষাংশে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চাইলে ভারতের উচিত এ দেশের মানুষের গণতান্ত্রিক রায়কে সম্মান করা এবং তাদের ভোগান্তি ও ক্ষতিকে স্বীকার করা। একজন সাবেক সরকারপ্রধানকে জবাবদিহি থেকে আড়াল করলে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়বে।নিবন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে নিজের সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের দায়ে সশরীরে জবাবদিহির মুখোমুখি করতে হবে। এর মাধ্যমে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।